
আজাদ হোসেনঃ কোটা সংস্কারের দাবীতে ঢাকায় স্মরণকালের বৃহত্তম গণঅভ্যুত্থানের শেষ সময়ে ফ্যাসিস্ট সরকারের বেপরোয়া পেটোয়া পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্ৰামের কৃষক পরিবারের সন্তান মাসুদ রানা (৩৫)। অন্যান্য দিনের মতো
৪ আগষ্ট বিকালে মিরপুর-১০ নম্বরে আন্দোলনরত ছাত্র-জনতাকে পানি সরবরাহ করেন। এসময় আকর্ষিক ভাবে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হন মাসুদ রানা। সহকর্মীরা তড়িৎ তাকে হাসপাতালে নিয়ে গেলে ঐদিন রাতেই তিনি মারা যান।
পেশায় বিদেশি লিফট কোম্পানিতে চাকরিরত মাসুদ রানা ঢাকার মিরপুর ১ নম্বরে স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা ও ৩ বছর বয়সী কন্যা আরোবি ফেরদৌসকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন ৪ আগষ্ট সকালে নিজ অফিসে যান। সেখান থেকে এক বন্ধুর জন্য অফিস দেখতে যান। বিকালে পৌনে পাঁচটার সময় অফিস থেকে বেরিয়ে বন্ধুটিকে সাথে করে বোতলজাত পানি নিয়ে মিরপুর ১০ নম্বর এলাকায় যান। সেখানে আন্দোলনরত ছাত্র-জনতাকে খাবার পানি দেয়ার সময় পিছন দিক থেকে পুলিশ তার মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মী ও আন্দোলনকারীরা তাকে প্রথমে স্থানীয় আলোক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে মাসুদ রানার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঐদিনই সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজধানীর শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করেন। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ঐদিনই রাত সোয়া ১টার সময় সে মারা যান। রাতেই স্বজনরা নিহতের মরদেহ নিয়ে বিকাল সাড়ে ৩ টায় তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা কবরস্থানে সমাহিত করে হাজারো মানুষ শোকাবহ বেদনা বিধুর পরিবেশে। মাসুদ রানার এই অস্বাভাবিক মৃত্যুতে পিতা হারিয়েছেন বাকশক্তি, আর মাতার চোখ থেকে সব সময় জলের ধারা গড়িয়ে পড়ছে। বড়ভাই ছোট ভাই হারানোর শোকে হতবিহবল। স্ত্রী অসময়ে স্বামীকে হারিয়ে কান্নার শক্তিও হারিয়েছেন। ৩ বছরের মিষ্টি মেয়েটি উপস্থিত সকলের মাঝে তার বাবাকে খুঁজে ফিরছে অহর্নিশি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্ৰামের কৃষিজীবী রায়হান বিশ্বাসের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে মাসুদ রানা ছিল সবার ছোট। রানার মায়ের নাম জাহানারা বেগম। মাসুদ রানা গ্ৰামের প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী গোকুল খালী হাইস্কুল থেকে এসএসসি পাশ করে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার্স কমপ্লিট করেন। এরপর সে ঢাকায় একটি লিফট কোম্পানিতে এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি শুরু করেন। সর্বশেষ সে নিজেই বিদেশ থেকে লিফট ইমপোর্ট করে দেশে বাজারজাত করে আসছিলেন। দেশব্যাপী জুলাই মাসে গড়ে ওঠা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের শেষ মুহূর্তে ছাত্র-জনতার এক কাতারে সম্পৃক্ততার কারণে আন্দোলনে গতি পায়। এর চুড়ান্ত পর্যায়ে ফ্যাসিস্ট সরকারের পতনের এক দফা ঘোষণার ফলে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। এ পর্যায়ে এসে অনেক সহৃদয় ব্যক্তির মত মাসুদ রানাও কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অন্তর থেকে গভীর টান অনুভব করেন। সেই তাগিদ থেকেই সে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার মাঝে নিয়মিতভাবেই খাওয়ার পানি সরবরাহ করে আসছিলেন।
এই উদ্দেশ্যেই তিনি অন্যান্য দিনের মতো কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে ৪ আগস্ট বিকাল পাঁচটার দিকে মিরপুর ১০ এলাকায় আন্দোলনরতদের মাঝে বোতলজাত খাবার পানি নিয়ে উপস্থিত হন। পানি সরবরাহের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। পিছন দিক থেকে মাথায় গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। রাতেই হাসপাতালে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবে মূহুর্তের মধ্যে শেষ হয়ে যায় একটি পরিবারের আশা আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার কোন অবলম্বন।
ঐ হাসপাতাল কর্তৃপক্ষের সরবরাহকৃত মাসুদ রানার ডেথ সার্টিফিকেটে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যূর কারন উল্লেখ রয়েছে। মাসুদ রানার মত হাজারো দেশপ্রেমিক ছাত্র-জনতার তাজা রক্তের সিঁড়ি বেয়ে আমরা পেলাম কাঙ্খিত স্বাধীনতা। ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের বিদায়ে আজ দেশ হয়েছে কলঙ্ক মুক্ত। গর্বিত বাংলা মায়ের আত্ম বলিদান করা দামাল ছেলেরা শান্তিতে ঘুমাও, আমরা জেগে আছি দেশ মাতৃকার পাহারায়। পন করেছি আর কখনও কোন হানাদার-স্বৈরাচারের জন্ম হবে না এই দেশে আমরা হতে দেবোনা। না না দেবো না।
নিহত মাসুদ রানার মা জাহানারা বেগম বলেন, আমার ছোট ছেলে কত আদরের জীবনে কত কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি ঢাকাতে গেল ব্যবসা করতো কিভাবে কি হয়ে গেল এখন আমার ছেলেকে কোথায় পাব কে তাকে ফিরিয়ে দেবে পরিবার নিয়ে পথে বসার মত অবস্থায় পড়েছি।
বড়ভাই ব্যবসায়ী বাবুল আকতার বলেন, রানা আমাদের পরিবারের সকলের ছোট, সবার আদরের। তাকে আমরা ঢাকাতে পাঠাতে চাইনি, কিন্তু সে ঢাকাতে যায় সেখানে লেখা পড়া শেষ করে একটি লিফট কোম্পানিতে চাকরি করতো । এখন সে নিজেই একটা অফিস করে কোম্পানি খুলে ব্যবসা করে আসছিলেো। আল্লাহর রহমতে সে অনেক ভালো ছিল । আজকে সরকারের হঠকারী সিদ্ধান্তে সে মারা গেছে। ঘটক পুলিশের দৃষ্টান্তমূলক বিচার চাই।
নিহত মাসুদ রানার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা বলেন, ঐদিন সকালে আমি তাকে বের হতে নিষেধ করেছিলাম, বললাম আজকে তো দেশের অবস্থা অনেক খারাপ তুমি বাইরে যেয়োনা। কিন্তু সে আমাকে বলল অফিসে কাজ আছে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সারাদিন তাকে অনেকবার ফোন দিয়েছি তাকে ফোনে পাইনি। এরপর সন্ধ্যার পরে তার এক বন্ধু আমাকে ফোন দিয়ে জানাই সে গুলি খেয়ে হাসপাতালে আছে। আমি হাসপাতালে গিয়েছি আমাকে কেউ তার কাছে যেতে দেয়নি সে আইসিইউতে ছিল রাত সোয়া ১ টার দিকে সে মারা যায়। আমাকে তারপরে তার কাছে যেতে দেওয়া হয়। আমি এত ছোট মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাবো কি করবো? আমার স্বামীর হত্যার বিচার চাই, যারা আমার এই অবুঝ বাচ্চাটাকে এতিম করলো আমি তাদের বিচার চাই। চিৎলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন বলেন, মাসুদ রানা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতার সাথে ছিলেন। সে পুলিশে গুলিতে নিহত হয়েছেন সে একজন ভালো মানুষ ছিলেন। আমি দাবি জানাবো এই অসহায় পরিবারের প্রতি সরকার যেন একটু সূ-দৃষ্টি দেয়।
প্রতিদিনের আলোচিত কন্ঠ: 










